ইবতেদায়ীতে দেশসেরা তানযীল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় দেশ সেরা ফল করেছে ঢাকার তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এ শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ বিবেচনায় নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইবতেদায়ীতে দেশ সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে।
এসব সূচকে ৫৯ দশমিক ৭৮ পয়েন্ট নিয়ে তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা এ তালিকার শীর্ষে রয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা ডেমরার দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার পয়েন্ট ৫৭ দশমিক ৫৭। এ প্রতিষ্ঠানের ১৭৮ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন।
টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ৫৭ দশমিক ২৩ পয়েন্ট নিয়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের ২৩৩ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন।
সেরা ১০ এ থাকা বাকি প্রতিষ্ঠানগুলো হলো- ডেমরার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (স্কোর ৪৫ দশমিক ৭০), রাজশাহীর আল মারকাযুল ইসলামী আস-সালাফী দাখিল মাদ্রাসা (স্কোর ৩৯ দশমিক ২১), লালবাগের আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা (স্কোর ৩৮ দশমিক ৮৪), চট্টগ্রামের মেরওয়ারিশপুর সিনিয়র মাদ্রাসা (স্কোর ৩৭ দশমিক ১২) ও আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ( স্কোর ৩৭ দশমিক ০৪), ডেমরার তা’মীররুল মিল্লাত মিল্লাত মাদ্রাসা মহিলা শাখা (স্কোর ৩৬ দশমিক ৯০) এবং পাবনা ইসলামীয়া আলিম মাদ্রাসা ৩৫ দশমিক ৯৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।
প্রাথমিক সমাপনীতে এবার ৯৮ দশমিক ৫৮ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন। আর ইবতেদায়ীতে পুর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২৫৩ জন।
