বরগুনার আমতলী উপজেলার ফল স্থগিত
কারিগরি ক্রুটির কারণে বরগুনার আমতলী উপজেলার প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে মন্ত্রী বলেন, আগামী সাত দিনের মধ্যে এই উপজেলার ফল ঘোষণা করা হবে।
মন্ত্রী বলেন, “আমতলী উপজেলার ফল তৈরি করতে টেকনিক্যাল সমস্যা হয়েছে। তাই সেখানকার ফল স্থগিত রয়েছে।”
ফাইল ছবি
এছাড়া উত্তরপত্র হাতে না আসায় দেশের বাইরে ত্রিপলী কেন্দ্রের তিন শিক্ষার্থীর ফলও স্থগিত রাখা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।
তিনি বলেন, খাতাগুলো হাতে পৌঁছালেই ফল ঘোষণা করা হবে।
প্রাথমিক সমাপনীতে এবার ৯৮ দশমিক ৫৮ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন। আর ইবতেদায়ীতে পুর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২৫৩ জন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
