২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের বড়বাজারে আবার আগুন

দুই দিনের ব্যবধানে কিশোরগঞ্জের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র বড়বাজারে আবারো আগুন লেগে পুড়ে গেছে সাতটি দোকান।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 01:08 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার মাঝরাতে পুড়ে যাওয়া সবগুলো দোকানই ছিল পোশাকের। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে এখানে একটি মার্কেটে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত আড়াইটার দিকে বাজারের সাঈদ গেঞ্জি ঘর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রথম আগুন লাগে এবং দ্রুত তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু এর আগেই মালামালসহ সাতটি দোকান পুড়ে যায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক প্রাণনাথ সাহা বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

তবে দুদিনের ব্যাবধানে একই স্থানে আগুনের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান রোববার রাতের অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে বলেন, বিষয়টি নাশকতা হতে পারে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, একই স্থানে পর পর দুইবার আগুন লাগার ঘটনটি নাশকতা কী না তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।