বাঁশখালীর ইউএনও প্রত্যাহার
বিভাগীয় কমিশনারের প্রস্তাবে ভোটের এক সপ্তাহ আগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালকে প্রত্যাহার করা হয়েছে।
ইসির একজন জ্যেষ্ঠ সহকারী সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কর্মকর্তার বদলির প্রস্তাব করেছে ইসি।”
রোববার বিভাগীয় কমিশনারকে ইসির এ নির্দেশনায় বলা হয়, বাঁশখালী ইউএনও কে প্রত্যাহার করে তা স্থলে ফেনীর পরশুরামের ইউএনও আরিফ আহমেদকে বদলি/পদায়নের করতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, শাব্বির ইকবালকে প্রত্যাহার করে কোথায় পদায়ন বা বদলি করা হবে সে বিষয়ে কোনো প্রস্তাব ছিল না বিভাগীয় কমিশনারের সুপারিশে।
ফেব্রুয়ারিতে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর বাঁশখালীর ওই এলাকাসহ দক্ষিণ চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়েরও পর হামলা চালায় জামায়াত-শিবির।
ওই সময় শিবিরকর্মীরা বাঁশখালী থানা অবরোধ করে, ইউএনও কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয়, সহকারী জজের আদালতেও হামলা চালায়।
এ ঘটনা তদন্তের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাও সংশ্লিষ্ট ছিল।
ইউএনওকে প্রত্যাহার/বদলির বিষয়ে ওই ঘটনার তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট কোনো বিষয় ইসির কাছে উল্লেখ করা হয়নি বলে জানান ইসি কর্মকর্তারা।
