২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ সেকেন্ডেই ফল!

বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে চরম উৎকণ্ঠার মধ্যে জেএসসি-জেডিসির ফল ঘোষণা করা হলেও ফল পেতে শিক্ষার্থীদের কোনো ‘ঝামেলা’ হবে না বলেই মনে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 05:30 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

এজন্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে সহজেই ফল পাওয়ার কথা বলছেন তিনি।

রোববার সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী।

এসময় তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করা হয়নি।

“স্কুলে যাওয়ার সমস্যা নেই। মোবাইল থেকে এসএমএস করলে ১৮ সেকেন্ডের মধ্যেই শিক্ষার্থীরা ফল পেয়ে যাবে।”

পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল পাওয়ার বিষয়টিও তুলে ধরেন নাহিদ।

বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএস করে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারছেন।

বেলা সোয়া ২টায় ইন্টারনেট থেকে ফল জেনেই খুশিতে ফেটে পড়েন মানিকগঞ্জের শিক্ষার্থী মো. জনি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফল পেতে কোনো সমস্যা হয়নি। বড় ভাইয়ের ল্যাপটপের মাধ্যমে ফল জেনে নিয়েছে।”

আর ২টার পরপরই মোবাইল থেকে এসএমএস করে ফল জেনেছেন ঢাকার শিক্ষার্থী সাদিয়া।

রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় বাসা থেকে তাকে স্কুলে যেতে দেয়া হয়নি বলে জানান এই শিক্ষার্থী। এজন্য কিছুটা ক্ষোভও রয়েছে তার।

জনি ও সাদিয়ার মতো রাজধানীর বেশিরভাগ শিক্ষার্থীই এবার মোবাইল থেকে এসএমএস করে এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জেনেছেন। ফলে বিদ্যালয়গুলোতে অন্য বছরের মতো শিক্ষার্থীদের মধ্যে হৈ-হুল্লোর আর উচ্ছ্বাস দেখা যায়নি।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাচ্ছে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে জেএসসির ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেডিসির ফল পেতে একইভাবে JDC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হচ্ছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় এবার পাস করেছে ৮৯ দশমিক ৯৪ শতাংশ ছাত্রছাত্রী।

এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ৮৯ দশমিক ৭১ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৯১ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭২ হাজার ২০৮ হাজার জন।