২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার বেড়েছে

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 05:19 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড সভাকক্ষে সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব আবদুর রৌফ মিয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এবার এ বোর্ডে পাস করেছে ৯৩ দশমিক ৮৮ শতাংশ। গতবার পাশের হার ছিল ৮৫ দশমিক ০৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। গতবছর পেয়েছিল ৬ হাজার ২২১ জন।

ঘোষণার পর বিশ্লেষণমূলক ফলাফল তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম এ হুরাইরা। এ সময় বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮৪ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১ লাখ ৭৩ হাজার ১৬৬ জন।

এরমধ্যে ছাত্রের পাসের হার ৯৪ দশমিক ০৫ শতাংশ এবং ছাত্রীর ৯৩ দশমিক ৭২ শতাংশ।

বোর্ডে প্রথম স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গতবারের প্রথম হওয়া রাজশাহী ক্যাডেট কলেজ এবার হয়েছে ৯ম।

সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জেলা স্কুল। তৃতীয় বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এবারও প্রথম তিনে স্থান পায়নি রাজশাহী মহানগরের কোনো স্কুল।

বোর্ডের মোট ২ হাজার ৯০৭টি স্কুলের মধ্যে শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ৭৫৯। পাঁচটি বিদ্যালয় থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি।