আশুগঞ্জে সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত অর্ধশত।
রোববার সোহাগপুর গ্রামে এ সংঘর্ষে নিহতরা হলেন স্থানীয় মো. শরিফ মিয়া (১৫) ও মো. হীরা মিয়া (৫৫)।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, গ্রামের কয়েকটি শিশুর বাজি ধরে ডুব সাতার দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মোল্লাবাড়ি ও চৌধুরীবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় উভয়পক্ষের কয়েকশ লোক দেশি অস্ত্র নিয়ে একে অন্যের উপর হামলা চালায়।
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই শরিফ মিয়ার মৃত্যু হয়। স্থানীয় ডে নাইট হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় হীরা মিয়ার।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ আলম বকাউল জানান, সংঘর্ষের খবর পেয়ে গ্রামে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
