দুর্বৃত্তদের আগুনে পুড়লো সাত ট্রাক কমলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুইটি ভিন্ন ঘটনায় সাতটি ফলবাহী ট্রাকে আগুন ও ছয় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা দুটি ঘটে বলে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার ওসি জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জের পায়লিং মোড় এলাকায় সাতটি কমলাবাহী ট্রাক থামিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ট্রাকগুলো সোনামসজিদ স্থলবন্দর থেকে ঢাকায় যাচ্ছিলো।
দুর্বৃত্তদের পরিচয় জানাতে না পারলেও আগুন দেয়ার ঘটনায় ট্রাকে থাকা মালামাল পুরোপুরি পুড়ে গেছে বলে ওসি মিজান জানিয়েছেন।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফাইল ছবি
এদিকে কানসাট এলাকায় ছয় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জামায়াত-বিএনপি কর্মীরা জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন জানান, সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ সমর্থিত সংসদ সদস্য গোলাম রব্বানীর বাড়ি থেকে ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে ৬ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে আহত করে জামায়াত-বিএনপি কর্মীরা ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানান শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুশল কুমার।
তবে শিবগঞ্জ থানার ওসি মিজান এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
