২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

‘মাদক সেবন ও জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে’ ফেনীর সোনাগাজী উপজেলায় শুক্রবার রাতে স্থানীয় এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 08:34 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

আহত মাহমুদুল হক ওরফে গবিধন মিয়া (৩৮) সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ছাড়াইত কান্দি গ্রামের মো. ছোকধন মিয়ার ছেলে।

গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, এ ঘটনায় তার ভাই শিমুল বাদী হয়ে সোনাগাজী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

তবে, কারা তার উপর হামলা চালিয়েছে তা পুলিশ জানাতে পারেনি।

গোবিধন মিয়া নিয়মিত মাদক সেবন করে এবং জুয়া খেলে বলে পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়।

তারা জানান, শুক্রবার রাতে গোবিধন মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার ভোরে বাড়ির পাশে পুকুর পাড়ে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।

উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ফেনী সদর হাসপাতাল এবং শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদক সেবন ও জুয়া খেলা নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএফপিও) ছারোয়ার জাহান জানান, শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আঘাতের কারণে তার ডান চোখের অবস্থাও ভাল নয়।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সামছুল আরেফিন জানান, গবিধন মিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।