সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান
চলমান অব্যাহত সহিংসতা থেকে রাজনৈতিক দলগুলোকে সরে আসার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের একটি নাগরিক সংগঠন।
শনিবার জেলা পাবলিক পলিসি ফোরাম (ডিপিপিএফ) নামের সংগঠনটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় সবার উচিত সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। যেখানে সকলের মতামতের ভিত্তিতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বিদ্যমান থাকবে।
বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ধরণের সহিংসতা কাম্য নয়। এমন রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান থাকতে হবে যাতে সব পক্ষ স্বাধীন ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে পারে।
দল মতের উর্ধে উঠে নারী-শিশুসহ সব নাগরিকের ওপর রাজনৈতিক সহিংসতা রোধের জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
সংগঠনটির পক্ষ থেকে বিবৃতিদাতারা হলেন ডিপিপিএফের আহ্বায়ক জেসমিন সুলতানা পারু, পটিয়া পাবলিক পলিসি ফোরামের সমন্বয়কারী পংকজ চক্রবর্তী এবং সন্দ্বীপ পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মাস্টার আবুল কাশেম।
