আখাউড়ায় হাতবোমা বিস্ফোরণে শিশু আহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুড়িয়ে পাওয়া হাতবোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
আহত ইয়াছিন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাম চোখ ও মুখের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া পৌর শহরের তারাগন গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় রিক্সা চালক মিলন মিয়ার ছেলে ইয়াছিন স্থানীয় তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মিলন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাড়ির পাশে কুড়িয়ে পাওয়া শক্ত একটি বস্তু নিয়ে ইয়াছিন নাড়াচাড়া করছিল। এক পর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহ আলম জানান, বিস্ফোরণে শিশুটির বাম চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।
আখাউড়া থানার ওসি অং সা থোয়াই বলেন, খবরটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
