২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি বদরুল স্মরণে শোকসভা শনিবার

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি একে বদরুল হক বাচ্চুর স্মরণে শনিবার ‘নাগরিক শোকসভা’ ডেকেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:18 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

সত্তুরের উত্তাল দশকে বদরুল হক ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হবে বলে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

৭৩ বছর বয়সে রোববার বিচারপতি বদরুল হক মারা যান। পরদিন বনানী করবস্থানে তাকে সমাহিত করা হয়।

জরুরি অবস্থা চলাকালে ২০০৮ সালের ২ মার্চ হাই কোর্ট বিভাগ থেকে স্বাস্থ্যগত কারণে স্বেচ্ছায় অবসর নেন বিচারপতি বদরুল হক।

বাষট্টির শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা বদরুল হক ষাটের দশকেই ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। রুশ-চীন দ্বন্দ্বে আলাদা হওয়ার আগে তিনি ছিলেন অবিভক্ত ছাত্র ইউনিয়নের সর্বশেষ সভাপতি।

ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এখনকার রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো। পঙ্কজ ভট্টাচার্য ওই কমিটির কার্যকরী সভাপতি ও নুরুর রহমান কার্যকরী সাধারণ সম্পাদক ছিলেন।

বদরুল হকের জন্ম ১৯৪১ সালের ২৬ সেপ্টেম্বর পটুয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে বিএ, এমএ এবং এলএলবি ডিগ্রি নেন।

তিনি ১৯৭০ সালে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। ১৯৭৬ সালে হাই কোর্ট এবং ১৯৮৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

১৯৯৬ সালের ১ জুন থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি হাই কোর্ট বিভাগের বিচারপতি ছিলেন।

বদরুল হকের স্ত্রী কয়েক বছর আগে মারা যান। তার বড় ছেলে একে রাশেদুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী। ছোট ছেলে একে মাহমুদুল হক মেডিকেলের শিক্ষার্থী।