২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৌকার বিপক্ষে নামায়’ আ’লীগ নেতা খুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিপক্ষে দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় কুপিয়ে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 07:57 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

নিহত রবিউল ইসলাম(৫০) গদখালি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং গদখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন।

গত রাতে যশোরের ঝিকরগাছার গদখালি গ্রামে দুর্বৃত্তরা তাকে মারাত্মকভাবে আহত করে।  গুরুতর অবস্থায় রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সকালে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।

ঝিকরগাছা থানার পরিদর্শক কামরুজ্জামান জানান, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

প্রতিপক্ষরা সুযোগ নিতে পারে উল্লেখ করে তিনি বলেন, “হত্যার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

“এখনও পর্যন্ত কেউ আমাদের কাছে কোন অভিযোগ করেনি।”

জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২, ঝিকরগাছা-চৌগাছা, আসনের প্রার্থী সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অধ্যাপক রফিকুলের ‘কলস মার্কার’ পক্ষে প্রচারণায় নেমেছিলেন তিনি বলে জানায় এলাকাবাসী।

এ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ‘নৌকা মার্কা’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

নিহত রবিউলের বড় ছেলে তরিকুল ইসলাম তকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাত সাড়ে ১১টায় তার বাবা গদখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে বাবুপাড়া মসজিদের কাছে এক দল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে এবং পরে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।”

নৌকা মার্কার বিপক্ষে কাজ করায় মনিরুলের লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা ।