আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক ৭৪
বিরোধী জোটের অবরোধ-হরতালের কারণে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ৭৪ জনকে আটক করেছে।
মঙ্গলবার ও বুধবার পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত বাহিনী এসব অভিযান চালায়।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট ব্যাপক সহিংসতার মধ্যে পাঁচ দফায় অবরোধ শেষ করেছে মঙ্গলবার বিকালে।
এরপর অবরোধ কিংবা হরতালের ঘোষণা না দিলেও ২৯ ডিসেম্বর ঢাকার উদ্দেশে পদযাত্রার ঘোষণা দিয়েছেন জোটনেত্রী খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থান ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন শিবিরকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া সাতকানিয়া উপজেলা থেকে আটক করা হয় আরো পাঁচ শিবিরকর্মীকে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
এদিকে, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে অবরোধ শেষে গাড়ি চলাচল শুরু হওয়ার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন আটকানোর চেষ্টা করে শিবিরকর্মীরা।
এ সময় সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
ফেনী
ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভুঁঞা উপজেলায় মঙ্গলবার রাতে ১৬ জন বিএনপি ও জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে।
এরমধ্যে রয়েছেন সদরে ১০ জন, ছাগলনাইয়ায় পাঁচ জন এবং দাগনভুঁঞায় একজন।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, আটকদের মধ্যে ১২ জন বিএনপি-ছাত্রদল এবং চারজন জামায়াত-শিবির কর্মী রয়েছেন।
জয়পুরহাট
জেলার বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের ২২ নেতা কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতার অভিযোগে এদের আটক করা হয়েছে।
এরমধ্যে রয়েছেন সদরে ৬ জন, পাঁচবিবিতে ৭ জন, ক্ষেতলালে ৪ জন, আক্কেলপুরে ৩ জন এবং কালাই উপজেলায় ২ জন।
জয়পুরহাট
মাগুরা জেলা জামাতের আমিরসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সদর ও মহম্মদপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ওসি এমএ হাসেম জানান, সম্প্রতি মাগুরায় পুলিশের টহল ভ্যানে বোমা নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাবাজি ও বিভিন্ন স্থানে ভাংচুরের ঘটনায় জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাসে সম্পৃক্ততা রয়েছে।
এছাড়া মহম্মদপুর থানার ওসি উপজেলার বিভিন্ন স্থান থেকে ছয় জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।
ঝিনাইদহ
বুধবার মহেশপুর উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান চালায়।
