হত্যার দায়ে ১২ জনের যাবজ্জীবন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এই দণ্ড দেন।
দণ্ডিতরা হলেন- চুনারুঘাটের বালুমারা গ্রামের আবদুল মনাফ, আবদুল লতিফ, আবদুল হক, আবদুর রশিদ, আবদুল আজিজ, আবদুল কুদ্দুস, ছিদ্দিক আলী, আবদুল কাদির, আবির, আলীনগর গ্রামের ছিদ্দিক মিয়া, আলী হোসেন ও জাকির হোসেন।
এর মধ্যে আবদুল আজিজ ও আবদুল কুদ্দুস পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর রাত ৯টায় চুনারুঘাটের বালুমারা গ্রামের আবদুর রহমানের ছেলে মিলন মিয়াকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।
এ ঘটনায় মিলন মিয়ার মা রাবেয়া খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
২০১১ সালের ৪ অগাস্ট অভিযোগ গঠন করা হয়। মামলায় ২০ জনের স্বাক্ষ্য নেয়া হয়।
