রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে গুলিবর্ষণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী ও এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সুধাসিন্ধু খীসার নির্বাচনী প্রচারণার গাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের লংগদু পুনর্বাসন এলাকায় হামলা হয়। তবে, এ ঘটনায় কেউ আহত হয়ন বলে পুলিশ জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান হাবিব জানান, সকাল ১১টার দিকে সুধাসিন্ধু খীসা রাজস্থলী উপজেলা সদর থেকে নির্বাচনী প্রচারণা শেষে ফেয়ার পথে লংগদু পুনর্বাসন এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি বর্ষণ করে।
এতে মাইক্রোবাসের জানালার গ্লাস ভেঙে গেলেও কেউই আহত হননি।
ঘটনার পর সুধাসিন্ধু খীসাসহ তার সঙ্গীরা পার্শ্ববর্তী একটি আনসার ক্যাম্পে আশ্রয় নেন।
তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তাৎক্ষণিভাবে জানা যায়নি বলে জানান তিনি।
সুধাসিন্ধু খীসার অভিযোগ, সন্তু লারমার পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লোকজনেরা এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে সন্তু লারমা পক্ষের জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।
এ ঘটনার সঙ্গে তারা জড়িত নন বলে জানান।
