২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

নিহত খলিলুর রহমান (৩০) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার চান মিয়ার ছেলে।

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আলমগীর বলেন, “পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খলিল ও তার সঙ্গীদের অবস্থানের খবর পেয়ে ভোর ৫টার দিকে মুহুরীপাড়ায় অভিযান চালানো হয়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিল ও তার সঙ্গীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘণ্টাখানেক পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে খলিলকে আহত অবস্থায় আটক করা হয়।”

তিনি বলেন, গোলাগুলিতে পুলিশের চার সদস্যও আহত হন। খলিল ও পুলিশ সদস্যদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসকরা খলিলকে মৃত ঘোষণা করেন।

পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

খলিলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।