দাদীকে গুলি করে হত্যা করে খোকন: সাক্ষী
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের সপ্তদশ ও অষ্টাদশ সাক্ষী।
প্রসিকিউশনের সপ্তদশ সাক্ষী ইয়াকুব আলী মোল্লা ট্রাইব্যুনালকে বলেন, তার দূর সম্পর্কের দাদি ছোট খাতুনকে নিজ হাতে গুলি করে হত্যা করেছিল ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকার।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো সাক্ষ্য দেন অষ্টাদশ সাক্ষী চুন্নু শেখ।
নগরকান্দা ইউনিয়নের পুরাপাড়া গ্রামের বাসিন্দা ৫৬ বছর বয়সী ইয়াকুব আলী মোল্লা বলেন, ১৯৭১ সালের ৩১ মে বেলা আনুমানিক ৩টা-সাড়ে ৩টার দিকে একদল রাজাকার ও বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে আর্মি নিয়ে তাকে গ্রামের দিকে আসতে দেখে ভয়ে তিনি পাটক্ষেতে পালান।
“পাটক্ষেত থেকে দেখি তারা আমাদের বাড়িসহ গ্রামের অন্যান্য বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে এবং গুলির শব্দ শুনতে পাই। গুলির শব্দ থেমে গেলে দেড়-দুই ঘন্টা পরে পাটক্ষেত থেকে বের হয়ে বাড়ীর দিকে যাই। বাড়ীতে গিয়ে দেখি ঘরবাড়ি পোড়ানো, গ্রাম প্রায় জনশূন্য, চারিদিকে আগুন দেখে আমি ভয়ে পালিয়ে যাই।
“পরের দিন বাড়িতে ফেরার পরে এলাকার গুরুদাস আমাকে জানায় যে আমার দাদী ছোট খাতুনকে খোকন রাজাকার খালের পাড়ে নিয়ে নিজ হাতে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে। ছোট খাতুনের ছেলে গফুর মোল্লা তার মায়ের লাশ মাটি চাপা দেয়। চুন্নু শেখ আমাকে জানায়, তার চাচা রতন শেখকে হালটের পাশে খোকন রাজাকার নিজে গুলি করে হত্যা করে।”
তিনি জানতে পারেন, মসজিদে কোরআন তেলাওয়াত করা অবস্থায় বারেক মোল্লাকে টেনে বের করে এনে তার ঘরের সামনে গুলি করা হয় এবং ঘরসহ তার লাশ আগুনে পুড়িয়ে দেয়া হয়।
সফেজ উদ্দিন ও মানিক সরদারকেও পলায়নরত অবস্থায় খোকন গুলি করে হত্যা করে বলে জানান তিনি।
তিনি আরো জানান, খোকন ও অন্যান্য রাজাকার ও পাকিস্তানি সেনারা মিলে পাশের গ্রাম মেহেরদিয়া, কোদালিয়া, গোয়ালদীসহ অন্যান্য গ্রামে লুটপাট চালিয়ে আগুন দেয় এবং বহু নিরীহ-নিরস্ত্র মানুষকে হত্যা করে।
প্রসিকিউশনের অষ্টাদশতম সাক্ষী একই এলাকার বাসিন্দা মো. চুন্নু শেখ তার সাক্ষ্যে একই ধরনের বক্তব্য উপস্থাপন করেন।
সাক্ষ্যের শেষে উভয় সাক্ষীকেই জেরা করেন পলাতক খোকনের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।
গত ৯ অক্টোবর জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগে চার্জ গঠন করে ট্রাইব্যুনাল।
গত ৯ অক্টোবর খোকন রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তরিতকরণনহ ১১টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
খোকনের বিরুদ্ধে ১৬জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯জনকে ধর্মান্তরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়ীঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে স্বপরিবারে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ আনা হয়েছে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।
২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক।
