২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি: তদন্তে ২ কমিটি

টেলিযোগাযোগমন্ত্রীর নির্দেশনার পরপরই রাজধানীর উত্তরায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩৭ বিদেশি গ্রেপ্তারের ঘটনা অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে।

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সোমবার বিকালে ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিগগিরই মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুটি তদন্ত কমিটি ঘটনা অনুসন্ধানে মাঠে নামবে।”

রোববার রাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩৭ বিদেশিকে গ্রেপ্তার করে র‌্যাব। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশিকেও। 

আবু বকর বলেন, “বিটিসিএল একটি কমিটি গঠন করে তদন্ত করবে। আর পুরো বিষয়টি তদন্ত করবে মন্ত্রণালয়ের কমিটি।”

আগামী ১৫ দিনের মধ্যে এই তদন্ত কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে। তদন্তে বিটিসিএলের কোনো কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান সচিব।

তাছাড়া আইন শৃঙ্খলাবাহিনী তাদের নিজস্ব পদ্ধতিতে তদন্ত করবে, বলেন আবু বকর।

এর আগে সকালে টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের (টিআরএনবি) নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে বলেন, উত্তরার ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।

ঘটনার সাথে বিটিসিএলের কোন কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রাশেদ খান মেনন।

বিটিআরসির হিসাবে অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে সরকার প্রতিদিন কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

অবৈধ ভিওআইপি ব্যবসার জন্য ৮৮১টি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্সধারী প্রতিষ্ঠান বা ভিএসপি অপারেটর ব্যবসা চালাতে পারছে না।

ব্যবসায় সুবিধা করতে না পারায় ভিএসপি অপারেটরগুলো বার্ষিক লাইসেন্স নবায়ন ফি মওকুফ পেতে যাচ্ছে বলে রোববার এক অনুষ্ঠানে জানান বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস।