২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে কোনো অবস্থায় কেবল মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই’

সাম্প্রদায়িক সন্ত্রাস ও মৌলবাদের উত্থান প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে একাত্তরের বিজয়ী বাংলাদশ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন কবি ও সংস্কৃতিকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 06:37 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

‘আমরা চাই একাত্তরের বিজয়ী বাংলাদেশ’ স্লোগান নিয়ে সোমবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেন কবি, লেখক ও সংস্কৃতি কর্মীরা।

এসব সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তিকে প্রতিহত করতে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

কবি ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের আহ্বানে সাড়া দিয়ে সোমবার রাজধানীর প্রেসক্লাবে সমবেত হন কবি-লেখকরা। কবি রফিক আজাদ, মুহম্মদ নুরুল হুদা, অরুণাভ সরকার, কাজী রোজী, আবু হাসান শাহরিয়ার, মোহন রায়হান, নাসের মাহমুদসহ নানা দশকের শতাধিক কবি-লেখক সমাবেশে যোগ দেন।

সমাবেশ থেকে রাজনৈতিক কর্মসূচির নামে চলমান সহিংসতার প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান সৈয়দ শামসুল হক।

তিনি বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ পেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা চাই. এর অন্যথা নয়। যে কোনো অবস্থাতেই আমরা কেবল মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই।”

মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে অব্যাহত রাখতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করতে কবি, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।  

একই স্লোগান নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশে মিলিত হন কবি-সাহিত্যিকরা।

চট্টগ্রামের বিক্ষুব্ধ কবিতাকর্মী নামের একটি সংগঠন আয়োজিত ওই সমাবেশে নগরীর  কবি, সাহিত্যিক, অধ্যাপক, ছড়াকার ও আবৃত্তিশিল্পীরা সমবেত হন।

কবি কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।

তিনি বলেন, “আজ আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন। আমরা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পর সেই চেতনাকে পুনরুদ্ধারের জন্য আবার রাজপথে নামতে হয়েছে।”

বর্তমানে দেশ প্রগতি ও প্রতিক্রিয়া- এই দুই ধারায় বিভক্ত মন্তব্য করে তিনি বলেন, “মাঝে মাঝে প্রগতির বিরুদ্ধে হয়ত প্রতিক্রিয়া শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু প্রতিক্রিয়া কখনো বিজয়ী হতে পারে না।

“কবি-লেখক-সাহিত্যিকরা সবসময় জেগে থাকেন। প্রতিক্রিয়ার চাপে যখন মানুষ নিরব থাকে তখনও কবিরা জেগে থাকেন। কবিতার মাধ্যমে তারা মানুষকে জাগিয়ে তোলেন।”

এখনো কবিরা জেগে আছেন উল্লেখ করে অনুপম সেন বলেন, কবিরা যখন রাজপথে নেমে এসেছেন তখন প্রগতির শক্তি ও বিপ্লবের শক্তি এক হয়ে মানুষের মধ্যে বারুদের জন্ম দেবে। সেই বারুদ প্রতিক্রিয়া আর প্রতিবিপ্লবের শক্তিকে ভাসিয়ে নিয়ে যাবে। 

ছড়াকার ও সাংবাদিক রাশেদ রউফ সমাবেশে সূচনা বক্তব্য রাখেন।

এ সময় কবি অরুণ দাশগুপ্ত, আশীষ সেন, ওমর কায়সার, হোসাইন কবির, ইউছুফ মোহাম্মদ, স্বপন দত্ত, খুরশিদ আনোয়ার, মহীবুল আজিজ, আকতার হোসাইন, হাফিজ রশিদ খান, সেলিনা মেলী, আলেক্স আলীম কবিতা পাঠ করেন।

প্রতিবাদী কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী, রাশেদ হাসান ও ফারুক তাহের।