২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে সমাবেশের অনুমতি পায়নি গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদও

নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদও মঙ্গলবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

হেফাজতে ইসলাম ২৪ ডিসেম্বর মতিঝিলে সমাবেশের ঘোষণা দেয়ার পর সেখানে একই দিন একই সময়ে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

তবে সোমবার দুপুর পর্যন্ত মতিঝিলে সমাবেশ করতে পুলিশের অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব বদরুদ্দোজা নিজাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে মতিঝিলে সমাবেশের অনুমতি দেয়া হবে না।”

“আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। তবে মতিঝিলে সমাবেশের অনুমতি না পাওয়া গেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ছোট আকারে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।”

এদিকে অনুমতি না পাওয়ায় হেফাজতের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক নূর হোসাইন কাসেমী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মতিঝিলের সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছেন।

তবে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব চট্টগ্রামে অবস্থানরত জুনায়েদ বাবুনগরী বলেছেন, সমাবেশ করার সিদ্ধান্তে তারা অনড়।

অন্যদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মঙ্গলবার ১৪ দলের প্রতিবাদ সমাবেশ হবে।

জামায়াত-বিএনপির মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, বোমাবাজি, অগ্নিসংযোগ, রেল লাইন উৎপাটন, সংখ্যালঘুদের ওপর হামলা, নির্বাচন প্রতিহতের তৎপরতাসহ নাশকতার প্রতিবাদে এই সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন জোট।