২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর গ্রামে জোহরা, ফুলেল শ্রদ্ধা

গাজীপুরের কাপাসিয়ার দড়দড়িয়া প্রাইমারি স্কুল মাঠে তাজউদ্দিন আহমদের সহধর্মিনী জোহরা তাজউদ্দিনের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 07:46 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

স্বামীর এ দড়দড়িয়া গ্রামে রয়েছে তাদের নানা স্মৃতিবিজরিত বাড়ি।

রোববার বিকাল সোয়া ৩টায় জানাযা শুরুর আগে উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ রহমত আলী, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম. মোজাম্মেল হক, তাজউদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি, ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ প্রমুখ।

জানাযায় স্থানীয় ও বিভিন্ন এলাকার কয়েক হাজার লোক অংশ নেন।

বেলা পৌনে ৩টার দিকে জোহরা তাজের মরদেহ দড়দড়িয়া স্কুল মাঠে পৌঁছলে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এলাকাবাসী তাকে একনজর দেখতে ভিড় জমায় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসীন ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আলীর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।

এরপর কাপাসিয়া পাইলট স্কুল মাঠে এবং গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ির মাঠে আরো দুটি জানাযা হয়।

সৈয়দা জোহরা তাজউদ্দিন শুক্রবার (গত ২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

১৯৩২ সালে ২৪ ডিসেম্বর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন তিনি। ষাটের দশকে গণ আন্দোলন চলাকালে কারাবন্দি সাহায্য কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সাল থেকে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের চরম দুর্দিনে তিনি দলের আহবায়ক, ১৯৭৮-৮১ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময় আওয়ামী লীগকে সংগঠিত করে ও ঐক্যবদ্ধ রেখেছিলেন তিনি। এজন্য তাকে আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী বলা হতো।

পরে বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরলে তার হাতে দলের নেতৃত্ব তুলে দেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদেরে সহ-সভানেত্রী ছিলেন। 

১৯৫৯ সালে তাজউদ্দিন আহমদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার সন্তানের মধ্যে প্রথম শারমিন আহমদ রিপি। মেজ মেয়ে সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য। তৃতীয় সন্তান মাহজাবিন আহমদ মিমি এবং সবার ছোট হলেন একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। সোহেল তাজ মহাজোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

শারমিন আহমদ ও সোহেল তাজ আমেরিকায় থাকায় জানাযা ও দাফন কাজের জন্য অপেক্ষা করা হয়। রোববার সকালে তারা দেশে ফেরেন।

জানাযা শেষে রাজধানীর বনানীতে স্বামী তাজউদ্দিন আহমদের কবরের পাশে তাকে দাফন করা হবে।