২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অজ্ঞাত’ এসএমএস নিয়ন্ত্রণে প্রযুক্তি বসছে

ইন্টারনেট ব্লগে অপপ্রচার ও অজ্ঞাত এসএমএস নিয়ন্ত্রণে বিটিআরসিতে নতুন প্রযুক্তি স্থাপন করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন- বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 05:27 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সংস্থাটির প্রধান সুনীল কান্তি বোস সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রোববার সর্বদলীয় মন্ত্রিসভার নতুন টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বিটিআরসি কার্যালয় পরিদর্শনে গিয়ে ব্লগ ও অজ্ঞাত এসএমএস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এর জবাবে বিটিআরসি প্রধান বলেন, “ব্লগে অপপ্রচার ও অজ্ঞাত এসএমএস সহনীয় পর্যায়ে নিয়ে আসতে প্রযুক্তি কেনা হচ্ছে। কিছুদিনের মধ্যেই তা বিটিআরসিতে স্থাপন করা হবে।”

এর আগে গত ১১ ডিসেম্বর অজ্ঞাত প্রেরকের কাছ থেকে ‘বিশেষ’ বার্তা সংবলিত এসএমএস সনাক্তে মোবাইল ফোন অপারেটরদের ৫টি নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নিয়ন্ত্রণহীন ইন্টারনেট ব্লগ ও অজ্ঞাত মোবাইল এসএমএস নিয়ন্ত্রনে আরো কঠোর হতে বিটিআরসিকে নির্দেশনা দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “ব্লগ ও অজ্ঞাত এসএমএম যদি নিয়ন্ত্রণ করা না যায়, এই কঠিন সময় অতিক্রম করা আরো কঠিন হবে।”

সর্বদলীয় মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে যোগ দেয়ার পর প্রথমবারের মতো বিটিআরসি পরিদর্শনে যান রাশেদ খান মেনন। এ সময় বাঁশের কেল্লার মতো ফেইসবুক পেইজ এবং ব্লগ নিয়ন্ত্রণ করারও নির্দেশনা দেন তিনি।

অন্যদের মধ্যে টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, বিটিআরসি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

অজ্ঞাত এসএমএস সনাক্তে নির্দেশনা বিটিআরসির