২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গাড়িতে আগুন, গ্রেপ্তার ৪

বিরোধী দলের অবরোধের মধ্যে সিরাজগঞ্জে কয়েকটি ট্রাক ভাংচুর এবং দুটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 02:23 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

এ সময় একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আহত হয়েছেন তিনজন।   

এদিকে নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা মহিলা জামায়াতের সেক্রেটারিসহ চারজনকে আটক করেছে র‌্যাব ও ডিবি পুলিশের যৌথ দল।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত শহরের রায়পুর রেল স্টেশন, মতিন সাহেবের ঘাট এলাকা, উল্লাপাড়া উপজেলা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ মোড় ও কামারখন্দ উপজেলায় গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে রায়পুর রেল স্টেশনের কাছে একটি মাইক্রোবাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এ সময় গাড়ির গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়ে পাশের একটি দোকান এবং রিকশায় আগুন ধরে যায়।

এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করেন স্থানীয়রা।

মতিন সাহেবের ঘাট এলাকায় দাঁড় করিয়ে রাখা চারটি ট্রাকে ভাংচুর চালায় দুর্বৃত্তরা। উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ি সড়কে পুড়িয়ে দেয়া হয় আরেকটি মাইক্রোবাস।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ মোড়ে অবরোধকারীরা অন্তত পাঁচটি ট্রাক ভাংচুর করে। কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় একই মহাসড়কে একটি ট্রাকে আগুন দেয়া হয়।  

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দেড় শতাধিক অবরোধসমর্থক লাঠিসোটা নিয়ে সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ মোড়ে অবস্থায় নেয় এবং ভাংচুর শুরু করে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যায়।

অবরোধের প্রথম দিন শনিবার সন্ধ্যার পরে জেলা শহরে অভিযান চালিয়ে জেলা মহিলা জামায়াতের সেক্রেটারিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এরা হলেন- শহরের শহিদনগর মহল্লার আবু তাহেরের স্ত্রী ও জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মরিয়ম বেগম (৫৩), জামায়াতের সদস্য ও কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে নীলা খাতুন (২৬), শহরের এসএস রোডের গাজী আনোয়ারুল ইসলামের মেয়ে ও সদর উপজেলার চক-ফুলকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা-বিনতে-আনোয়ার এবং মাহমুদপুর মহল্লার পল্লী চিকিৎসক ও জামায়াত সংগঠক ডা. আব্দুস সালাম (৬০)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারীদের জামায়াতের রাজনীতিতে টানা এবং নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছে বেশ কিছু জিহাদী বইও পাওয়া গেছে।

আটক চারজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।