রংপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
রংপুরে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রংপুর রেল স্টেশনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনের কাছে বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।
ফলে রংপুরের সঙ্গে দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টেশন পয়েন্টসম্যান সংকেত দেয়ার আগেই চালক ট্রেনটি নিয়ে লালমনিরহাটের দিকে যাত্রা করলে স্টেশন থেকে ২০০ গজ দূরে বাবুপাড়া রেলগেট এলাকায় ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।”
চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করে তিনি জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে।
এ ঘটনায় কেউ আহত হননি বলেও মোজাম্মেল হক জানান।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রেন চালক এম এ জিন্নাহ ।
রংপুর রেল স্টেশন মাস্টার তপন কুমার দাস বলেন, দুর্ঘটনার পর কুড়িগ্রামগামী রমনা এক্সপ্রেস রংপুর স্টেশনে এবং লালমনিরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী লোকাল ট্রেন মীরবাগ স্টেশনে আটকা পড়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মাহবুবুল আলম বকসী বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।।
