গাড়িতে ঢিল ছোড়ায় শিবিরকর্মী দণ্ডিত
অবরোধে গাড়িতে ঢিল ছোড়ায় এক শিবিরকর্মীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে এ সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলায়মান হোসেন।
দণ্ডিত হাসিবুর রহমান শিবিরের সক্রিয় কর্মী এবং পাবনা সদরের বাঙ্গাবাড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে।
পাবনার সদর থানার ওসি হানিফুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে পুলিশ স্কট নিয়ে কিছু দূরপাল্লার কয়েকটি যানবাহন কাশিনাথপুর থেকে পাবনা আসছিল।
পথে মহেন্দ্রপুর এলাকায় একদল পিকেটর যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ ধাওয়া করে হাসিবুর রহমানকে ধরে ফেলে। পরে বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতে তার তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
