সিরাজগঞ্জে দুই ট্রাকে আগুন
সিরাজগঞ্জে মহাসড়কে দুটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। অন্যদিকে অবরোধকারীদের ঢিলে গাজীপুরে একটি বাস দুর্ঘটনায় পড়লে আহত হন ২০ যাত্রী।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পঞ্চম দফা অবরোধের প্রথম দিন শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে মহাসড়কে ট্রাক দুটিতে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধান ও ইটবোঝাই ট্রাক দুটিতে আগুন দেয়া হলে পুলিশ গিয়ে তা নেভায়।
সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সমাজকল্যাণ মোড়ে জামায়াত-শিবিরকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। তবে পুলিশ গেলে তারা সটকে পড়ে।
জেল সদরে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরের বিভিন্ন স্থানে বিজিবি, পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, “বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে।”
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকালে যাত্রীবাহী বাস ও দুইটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হলে কমপক্ষে ২০ জন আহত হন।
আজমেরি পরিবহনের ওই বাসটির চালক হৃদয় মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধকারীরা ঢিল ছুড়লে আমি নিয়ন্ত্রণ হারায়ই। তখন এই দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, আজমেরী পরিবহনের বাসটি কালিয়াকৈর যাচ্ছিল। চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এরপর অন্য একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়।
আহতদের চন্দ্রা জনসেবা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
