প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ক্ষতিগ্রস্ত এলাকায়
সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন শাখার মহাপরিচালক কবীর বিন আনোয়ার।
শুক্রবার সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ঘুরে দেখেন তিনি।
এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাসও দেন তিনি।
কবীর বিন আনোয়ার বলেন, জামায়াত শিবিরের তাণ্ডবে ভয় পেলে চলবে না, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন, উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র মারুফ বিন হাবিব, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমুখ।
কাদের মোল্লার রায় কার্যকরের রাতে জামাত-শিবির-বিএনপি কর্মীরা সদর উপজেলার চণ্ডিদাসগাতী এলাকার দুলাল, বূলবুল, ওহাব ও বাবুর ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ এবং উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, আকমল চেয়ারম্যানের তেলের মিল, ট্রাক ও পাট বন্দরের সমরেন্দ্র নাথ কুণ্ডর পাটের গুদামে ভাংচুর-অগ্নিসংযোগ করে।
