সাতক্ষীরায় বাজারে-বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শুক্রবার ভোরে এবং বৃহস্পতিবার রাতে দুটি বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এছাড়া জামায়াত ও বিএনপি সমর্থিত কয়েকজনের বাড়িঘরেও আগুন দেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নলতা বাজার ও বিষ্ণুপুর বাজারে দোকানে এবং গোবিন্দপুর গ্রামে কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও টহলরত বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নলতা বাজারে হামলার জন্য বিএনপি স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করলেও আওয়ামী লীগ তা অস্বীকার করেছে।
নলতা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল্লাহ স্টোরের মালিক মো. আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, শুক্রবার ভোরে মুখোশধারী একদল দুর্বৃত্ত বাজার মসজিদের পাশের কয়েকটি দোকানে আকস্মিক হামলা চালায়।
তারা বাজারের মোড়ল স্টোর নামের একটি তেলের ডিপো, আব্দুল্লাহ স্টোরসহ চারটি কাপড়ের দোকানে অগ্নিসংযোগ করে।
এরপর হামলাকারীরা শাহী বস্ত্রালয়, মোড়ল স্টোরসহ অন্য প্রতিষ্ঠানগুলোয় ভাংচুর ও লুটপাট চালায়। তারা হকিস্টিক, রাম দা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আব্দুল্লাহ।
ঘটনার সময় তিনি দোকানে ঘুমিয়ে ছিলেন। লোকজনের আগুন আগুন চিৎকারে ঘুম থেকে উঠে ঘটনা প্রত্যক্ষ করেন।
আব্দুল্লাহ আরো জানান, সকালে টহলরত বিজিবি সদস্যরা স্থানীয় বাজার কমিটির সদস্যদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকন দাবি করেন, যুবলীগ ও ছাত্রলীগের সমর্থকরা হকিস্টিক, রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে নলতা বাজারে হামলা চালিয়েছে।
এ ব্যাপারে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার সামছুর রহমান জানান, তার দলের কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নয়। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মুখোশধারী অজ্ঞাত দুর্বৃত্তরাই এ ঘটনা ঘটিয়েছে।
বিষ্ণুপুর বাজার ও গোবিন্দপুর গ্রামের লোকজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ৩০/৩৫ জন যুবক লোহার রড, রামদাসহ উপজেলার বিষ্ণুপুর বাজারের লিটন গার্মেন্টস ও একটি মুদি দোকানে আগুন দেয়।
এরপর রাত ৮টার দিকে ওই হামলাকারীরাই গোবিন্দপুর গ্রামে জামায়াত ও বিএনপি সমর্থিত অন্তত ১৫ টি বাড়িতে আগুন দেয়।
কালিগঞ্জ থানার ওসি বিল্পব সাহা সাংবাদিকদের জানান, কে বা কারা নলতা বাজার, বিষ্ণুপুর বাজার ও গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
ক্ষতিগ্রস্তরা এখনো থানায় অভিযোগ করেনি।
