ইমরানদের লাঠিপেটার প্রতিবাদ চট্টগ্রামে
ঢাকায় গণজাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস অভিমুখে মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বন্দর নগরীর চেরাগী পাহাড় মোড়ে জড়ো হয়ে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের কর্মীরা সমাবেশ ও মিছিল বের করে। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে চেরাগী মোড়ে ফিরে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি নিয়ে যারা কথা বলে তাদের পক্ষ নিয়েই পুলিশ ঢাকায় জাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব পাসের পর তার নিন্দা জানিয়ে বুধবারের পর বৃহস্পতিবারও দূতাবাস অভিমুখে মিছিলের কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ।
ওই মিছিলে পুলিশের লাঠিপেটায় আহত হন মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকারসহ কয়েকজন।
ঢাকার মতো চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সংগঠকরাও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। হামলাকারী পুলিশ সদস্যদের অপসারণও দাবি করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, আবৃত্তিকার রাশেদ হাসান, উদীচীর জেলা সাধারণ সম্পাদক সুনীল ধর।
দেশের সার্বভৌমত্ব, যুদ্ধপরাধীর ফাঁসি নিয়ে পাকিস্তানের নাক গলানো এবং পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও দিয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।
