২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চের মিছিলে লাঠিপেটা, ইমরানসহ আহত ২

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের দাবিতে গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশের লাঠিপেটায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 03:34 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আল্টিমেটাম

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারকে বেঁধে দেয়া ২০ ঘণ্টা সময় পার হওয়ার পর মঞ্চের কর্মীরা বৃহস্পতিবার বিকালে গুলশান-২ নম্বরের তাহের টাওয়ারের নিচে অবস্থান নেন।

বিকাল ৩টা ৫মিনিটে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আশিক হোসেন জানান, পুলিশ বর্ম দিয়ে ধাক্কা দিয়ে ও লাঠিপেটা করে মিছিলকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা।

এক পর্যায়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে সেখান থেকে আটকের চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় মিছিলকারীদের অনেককে দিগ্বিদিক ছুটোছুটি করতে দেখা যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গণজাগরণ মঞ্চের কর্মী রওশন আরা নিপা, অরণ্য আজাদ, মাহমুদুল হাসানকে গাড়িতে তুলে বনানী থানার দিকে নিয়ে যায় বলে ঘটনাস্থল থেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক প্রতিবেদক ফায়জুল সিদ্দিকী।

এর মিনিট বিশেক পর ইমরান এইচ সরকার কর্মীদের জড়ো করে তাহের টাওয়ারের নিচে কর্মসূচি ঘোষণার চেষ্টা করলে পুলিশ আবারো তাদের বাধা দেয়। 

এ সময় পুলিশের লাঠিপেটায় ইমরান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ (বীরপ্রতীক) কয়েকজন আহত হন।

তাদের দুজনকে প্রথমে ল্যাবএইড হাসপাতালে এবং ইমরানকে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় বলে জানান গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক মারুফ রসুল। 

 

মঞ্চের কর্মীরা ল্যাবএইড হাসপাতালের সামনে জড়ো হয়ে শ্লোগান দিতে শুরু করে সেখানে তৃতীয় দফা লাঠিপেটা করে পুলিশ। এ সময় শাম্মী আক্তার নামে আরেকজনকে আটক করা হয়।

গুলশানের ওসি রফিকুল ইসলাম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হলেও পরে থানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

হাসপাতালে যাওয়ার আগে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ বিনা উস্কানিতে আমাদের মিছিলে হামলা চালিয়ে অনেক কর্মীকে আহত করেছে। তাদের মধ্যে নারীকর্মীও রয়েছে। এটা ন্যাক্কারজনক।”

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো মানুষ এভাবে হামলা করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ইমরান বলেন, “যতোই হামলা হোক,  আমরা এখানে আছি। এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করে যাব।

“পাকিস্তানি বাহিনীকে অতীতেও অনেকে রক্ষা করার চেষ্টা করেছে। এখনও করছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণ পাকিস্তানরক্ষাকারীদের কখনোই মেনে নেবে না।”

সরকার যতক্ষণ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করবে, কিংবা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইবে- ততোক্ষণ এই ‘অহিংস’কর্মসূচি চলবে বলেও তিনি ঘোষণা দেন।

এর পরপরই আহত হয়ে হাসপাতালে যেতে হয় গণজাগরণমঞ্চের মুখপাত্রকে।

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের কর্মকর্তা মো. শাহাবুদ্দিন থান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলে পুলিশ হামলা করেনি। তাদের সরিয়ে দেয়া হয়েছে মাত্র।”

 

লাঠিপেটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পুলিশ কাউকে আঘাত করেনি। তবে ‘ঝামেলার মধ্যে অসাবধানতাবশত’ কিছু হয়ে থাকতে পারে।

“তাদের কর্মসূচি আইনশৃঙ্খলার অনুকূলে নয়। যেহেতু এটা কূটনীতিক এলাকা, তাই নিরাপত্তার স্বার্থে আমরা যথাযথভাবে তাদের এ এলাকা থেকে সরিয়ে দিয়েছি।”

গুলশান পুলিশের উপ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনীতিক এলাকায় মিছিল-মিটিং নিষেধ। এ কারণেই গণজাগরণ মঞ্চের কর্মীদের সরিয়ে দেয়া হয়েছে।

১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশের। যুদ্ধকালীন গণহত্যায় পাকিস্তানি বহিনীর দোসর হিসেবে যারা ছিলেন, তাদের অন্যতম কাদের মোল্লা।

বিচারের রায়ে মৃত্যুদণ্ড হলে গত ১২ ডিসেম্বর তা কার্যকর করার পর পাকিস্তান জামায়াতে ইসলামী সেদেশে রাজপথে বিক্ষোভ করে। এরপর সোমবার ‘ঐক্যবদ্ধ পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক হিসেবে কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়।

বাংলাদেশের বিষয়ে পাকিস্তানের এভাবে ‘নাক গলানোর’ প্রতিবাদে বুধবার বিকালে গুলশানে দেশটির দূতাবাস অভিমুখে মিছিল করে গণজাগরণ মঞ্চ। তখনও পুলিশের লাঠিপেটায় মঞ্চের অন্যতম সংগঠক ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুসহ তিনজন আহত হন।

এরপর পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে সরকারকে ২০ ঘণ্টা সময় বেঁধে দিয়ে দূতাবাস এলাকা ত্যাগ করে গণজাগরণ মঞ্চের কর্মীরা।