‘কোন অপরাধে তাকে আগুনে পোড়ালে!’
অবরোধকারীদের আগুনে পুড়ে মৃত্যুর মিছিলে যোগ দেয়া আল আমিনের শোকগ্রস্ত পরিবার এই হত্যার বিচার দাবি করেছে।
অবরোধের আগুনে পুড়ে ১৫ দিন হাসপাতালে থাকার পর বুধবার সকালে মারা যান বাড়িয়া ইউনিয়নর বন্দান পশ্চিম পাড়া গ্রামের বাস চালক আল আমিন (২৮)।
ছেলে হারানোর শোকে মুহ্যমান বাবা আব্দুল আউয়াল মোল্লা ক্ষুব্ধ কণ্ঠে আন্দোলকারীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “কোন অপরাধে তাকে আগুনে পোড়ানো হলো?”
মা লাইলী বেগম জানান, চিকিৎসায় আল আমিন সুস্থ্য হয়ে উঠছে এমন ধারণা করেছিলেন তিনি।
হালের বলদ বিক্রি করে, স্বজনদের কাছ থেকে কয়েক লাখ টাকা ধার করে ছেলে চিকিৎসার জন্য ব্যয় করেন বলে জানান তিনি।
পরিবারের সদস্যরা জানান, ৩ ডিসেম্বর বিকালে বাড়ি থেকে বের হয় সে। কথা ছিল বেতন নিয়ে দুদিন পর বাড়ি ফিরবে।
গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার কলম্বিয়া সুয়েটার কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস থেকে যাত্রীদের নামিয়ে পার্কিং করতে যায় আল আমিন। এ সময় ৩-৪ জন যুবক বাসের সামনের কাঁচ ভেঙ্গে পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়ে যায়।
বোমার আগুনে আল আমিন ও তার সহকারী সোলায়মান দগ্ধ হন।
তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বোর্ডবাজারের তায়রুন্নেছা মেডেক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বামী মারা যাওয়ার পর অনেকটাই নির্বাক হয়ে যান তার স্ত্রী পাপিয়া (২০)।
বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি জানান, ঘটনার পর হাসপাতালে গিয়ে মেয়েও চিনতে পারেনি দগ্ধ বাবাকে।
“সে ভয় পেয়ে কাছেই যায়নি।”
এ ঘটনায় দোষীদের কঠিন শাস্তি দাবি করেন আল আমিনের স্বজনরা।
“সংসারের হাল ধরতে চেয়েছিল ছেলেটি” এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তার বাবা।
