২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের স্বীকারোক্তি: নাটোরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ

অবরোধে গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশের কাছে এক কর্মীর স্বীকারোক্তি দেয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, বুধবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের কর্মীদের মধ্যে এই সংঘর্ষে পাঁচজন আহত হন। 

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার অবরোধের মধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় অবরোধকারীরা নয়টি ট্রাক ভাংচুর করে।

এ ব্যাপারে পুলিশ স্থানীয় বিএনপিকর্মী রেজু আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ঘটনায় জড়িত দলের কয়েকজন কর্মীর নাম বলে দেয় বলে পুলিশ জানায়।

পুলিশ ছেড়ে দেয়ার পর বুধবার সকাল ১০টায় রেজু মানিকপুর বাজারে গেলে দলের অন্য কর্মীরা তাকে মারধর করে।

খবর পেয়ে রেজুর পক্ষের লোকজন বাজারে এলে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের হারুন প্রামাণিক (৪০) রফিজ উদ্দিন (৩৬) শহিদুল ইসলাম (৩৫) ও আফজাল হোসেনসহ (৩০) পাঁচজন আহত হয়।

ওসি ইব্রাহিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ করেনি।