খুলনায় ছাত্রদল নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার
খুলনা মহানগর ছাত্রদল নেতার বাড়ি থেকে তিনটি হাতবোমা এবং বিপুল পরিমাণ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর সামসুর রহমান রোডের মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম মিলনের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
খুলনা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. জিয়া উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামসুর রহমান রোডে মিলনদের চার তলা বাড়ির ছাদ থেকে তিনটি বোমা ও বিপুল পরিমাণ গান পাউডার, মার্বেল, লোহা ও জর্দার কৌটা উদ্ধার করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
পুলিশের সহকারী কমিশনার বলেন, উদ্ধার করা গান পাউডার দিয়ে কমপক্ষে দেড় হাজার বোমা বানানো সম্ভব।
নির্দলীয় সরকার দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অহরহ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।
