রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতার রগ কেটেছে শিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহিতার থানা ছাত্রলীগের এক নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের চারুকলা বিভাগের মেহেরচণ্ডি গেইটের কাছে এ ঘটনা ঘটে।
হামলার শিকার শিমুল আহমেদ ডিউক মতিহার থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি মেহেরচন্ডি এলাকার নবীর আহমেদ নবীর ছেলে।
ডিউক এবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছেন বলে পরিবারের সদস্যরা জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মতিহার থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিউক বিশ্ববিদ্যালয় থেকে রিকশায় মেহেরচন্ডিতে বসার দিকে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মেহেরচণ্ডি গিইটে পৌঁছালে ‘দুর্বৃত্তরা’ রিকশা আটকে তাকে টেনেহিঁচড়ে চারুকলার মাঠে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপতালে ভর্তি করে বলে ওসি জানান।
রাজশাহী মেডিকেলের অর্থোপেডিক বিভাগের প্রধান বি কে দাম জানান, ডিউকের দুই পা ও বাঁ হাতের রগ কেটে গেছে। পিঠে ও পেটেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি মনিরুল বলেন, “কারা হামলা করেছে তা এখনো জানা জায়নি। জড়িতদের সনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।”
তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার অভিযোগ, “ক্যাম্পাসে শিবিরকর্মীরা একের পর এক নেতাকর্মীদের হাত-পায়ের রগ কাটছে। আজকের ঘটনাটিও তারা ঘটিয়েছে।”
একই দাবি করে মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের পঙ্গু করে দেয়ার জন্যই শিবিরকর্মীরা এ নৃসংশতা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে শিবিরের বিশ্বিবিদ্যালয় শাখার প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বলেন, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
