শাবিতে শিবিরের হামলার প্রতিবাদ শিক্ষকদের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ভাস্কর্যের নামফলক ভাংচুর এবং মানববন্ধনে শিবিরের হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছেন প্রগতিশীল শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষকরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মস্তাবুর রহমানের পরিচালনায় ও অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক কবির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম, জাহানারা ইমাম ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা স্বাধীনতা ভাস্কর্য চেতনা’৭১- এর নামফলক ভাংচুর এবং এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে হামলাকারী শিবিরের নেতাকর্মীদের শাস্তি দাবি করেন।
সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার যে হুমকি তৈরি হয়েছে তা প্রতিরোধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ারও দাবি জানান বক্তারা।
