এরশাদের মুক্তি: ব্যারিস্টার রফিকের আইনি নোটিস প্রত্যাহার
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মুক্তির দাবিতে প্রথমে সরকারের কাছে আইনি নোটিস পাঠালেও তা প্রত্যাহার করে নিয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
কারণ হিসেবে তিনি বলেছেন, এ বিষয়ে জাপা চেয়ারম্যানের যথাযথ নির্দেশনার অভাব ছিল।
এরশাদের আমলের এই অ্যাটর্নি জেনারেল মঙ্গলবার এরশাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি নোটিস পাঠিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রফিক-উল হক বলেন, “আমরা (আইনি নোটিস) পাঠিয়েছিলাম। তবে ইতোমধ্যে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।”
কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমাদের মক্কেলের যথাযথ নির্দেশনা ছিল না।”
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী অসুস্থতাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও জাতীয় পার্টির নেতারা এবং বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে এরশাদ স্বয়ং দাবি করেছেন, তাকে ‘আটকে’ রাখা হয়েছে।
