জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জাফর ইকবালের
জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে নয়, সন্ত্রাসী কায়দায় সক্রিয় থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন লেখক-শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল।
সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিজয় ২০১৩’ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি এই দাবি জানান।
জাফর ইকবাল বলেন, “আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে আনন্দের বিজয় দিবস এসেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এরপর প্রতিবছর আমরা এই বিজয় দিবস উদযাপন করে থাকি। এই বিজয়ে যখন নতুন প্রজন্মকে অংশগ্রহণ করতে দেখি তখন আমার অনেক আনন্দ হয়।
“একাত্তরের পরে এ বছরের বিজয় দিবসে ভিন্ন মাত্রা রয়েছে। দীর্ঘদিন পর এদেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং একজনের রায় কার্যকর হয়েছে। এবারের বিজয় দিবসে নতুন প্রজন্মের অংশগ্রহণও ভিন্ন রকম।”
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একাত্তরে স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী দলটি এখন মাঠে সক্রিয়। তারা আবার রাজনৈতিকভাবে নয়, সন্ত্রাসী কায়দায় সক্রিয়। রাজনৈতিকভাবে সক্রিয় হলে সেটাকে ভিন্নভাবে বিবেচনা করার বিষয়টি হয়তো ভাবা যেতো।
“কিন্তু তারা রাতে এসে হামলা করছে, চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তাই তাদের সঙ্গে সেভাবেই ব্যবস্থা নিতে হবে, যেভাবে একটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে আসছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশের পর তাদের সহিংসতা ব্যাপক মাত্রা পায়, যার পুনরাবৃত্তি ঘটছে গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর থেকে।
