২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অভিযানে জামায়াতকর্মী নিহত

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে সাতক্ষীরায় তার দলের অব্যাহত সহিংসতায় আওয়ামী লীগের অন্তত ১৫ জন নেতা-কর্মী খুন হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুলিতে এক জামায়াতকর্মী মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 11:33 AM

Updated : 23 Aug 2022, 07:29 PM

গত ২৮ ফেব্রুয়ারি জামায়োতের নায়েবে আমির সাঈদীর রায়ের পর থেকে চলমান অবরোধসহ এ পর্যন্ত সীমান্তবর্তী ওই জেলায় সহিংসতা লেগেই রয়েছে।

জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত সাতক্ষীরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথঅভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

যৌথ বাহিনীর অভিযানের শুরুতেই সোমবার জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় সদর উপজেলার সাতানি গ্রামের আব্দুল আহাদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) নিহত হন।

জাহাঙ্গীর নিহতের প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত।

এই অভিযানে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এলেও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।  

তবে আগরদাড়ি ইউনিয়নে ওই সংঘর্ষের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছে। মৃত শাহী বাবু (৪৩) সদরের গদাঘাটা গ্রামের ইলিয়াস সরদারের ছেলে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী সাংবাদিকদের জানান, সম্প্রতি হরতাল ও অবরোধের নামে জেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরকর্মীদের সহিংসতার ঘটনাগুলোতে করা মামলার আসামিদের ধরতে যৌথবাহিনী রোববার গভীর রাতে তালা, আশাশুনি, কলারোয়া, সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার একাধিক স্থানে অভিযান চালায়।

তিনি বলেন, যৌথবাহিনীর সদস্যরা জামায়াত অধ্যুষিত সদর উপজেলার আগরদাড়ি এলাকায় ঢুকতে চাইলে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা যৌথবাহিনীর সদস্যদের দিকে ইটও ছুড়তে থাকে।  

“এসময় তারা হাতবোমার বিস্ফোরণ ঘটালে এক পর্যায়ে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। এতে জাহাঙ্গীর হোসেন নামের একজন নিহত হয়।”

অভিযানের সময় সদরের ভোমরা ও দেবহাটা উপজেলার পারুলিয়ায় বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তারা হলেন- ভোমরা এলাকার শাঁকরা বাজারের নৈশ্যপ্রহরী আয়নুল ইসলাম (৪০), দক্ষিণ পারুলিয়া গ্রামের রিয়াজুল ইসলাম (৩২) ও আব্দুর রউফ মিয়া (৪৫)।

সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সাংবাদিকদের বলেন, বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় একজন নিহত হয়েছে।

তিনি জানান, অভিযানের সময় দেবহাটা উপজেলা থেকে চারজন, কলারোয়ায় তিনজন ও সদর উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- সদর উপজেলার কাথন্দা গ্রামের জামায়াতকর্মী সামছুল হক (৫০) ও পদ্মশাঁখরা গ্রামের শফিকুল ইসলাম (৩৬)।

এদিকে ভোররাতে যৌথবাহিনীর সদস্যরা দেবহাটা উপজেলার পারুলিয়া ও সখিপুর এলাকায় অভিযান চালায়।  

এসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব হোসেন, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক রফিকুল ইসলাম মেম্বর ও তার ভাই বিএনপি কর্মী আব্দুল গফ্ফারের বাড়িতে অভিযান চালালে যৌথবাহিনীর সদস্যদের ওপর হামলা হয় পুলিশ জানায়।

তখন যৌথবাহিনী গুলি চালালে বিএনপিকর্মী রিয়াজুল ইসলাম ও আব্দুর রউফ গুলিবিদ্ধ হয়। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইলিকা রানী ঘোষ জানান, দুইজনেরই পায়ে গুলি লেগেছে।

জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন, সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন ঠেকাতে সাতক্ষীরায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার নির্যাতন চালাচেছ।

“এরই ধারাবাহিকতায় গতকাল রাত ও আজ সকালে সদরের সাতানি এলাকার আহাদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন মোল্লা ও শিয়ালডাঙ্গার ইলিয়াস সরদারের ছেলে সায়েব বাবু ওরফে শাহী বাবুকে হত্যা করেছে যৌথবাহিনীর সদস্যরা।”

যৌথবাহিনী সকালে সদরের খলিলনগর এলাকায় জেলা জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের বসত বাড়িতে হামলা ও লুটপাট চালায় বলেও অভিযোগ করেন তিনি।