নিজের সাফাই সাক্ষ্য দিলেন মোবারক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
একাত্তরে ‘অপ্রাপ্তবয়স্ক’ ছিলেন দাবি করে তিনি বলেছেন, তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। তিনি ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার চান।
বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার মামলার প্রথম সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মোবারক।
সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালে তিনি নবম শ্রেণির ছাত্র ছিলেন। তার বাবা মারা যাওয়ায় ওইসময় মাসহ তিনি তার খালার বাসায় থাকতেন।
মোবারক বলেন, “২১ ফেব্রুয়ারি আমার বিরুদ্ধে চার্জ গঠনের খবর পত্রপত্রিকায় ও টেলিভিশনে দেখেছি। আমার বাড়ি থেকে ভারত অতি সন্নিকটে। ১৫ টাকা রিকসা ভাড়া দিলে ভারতে যাওয়া যায়। ভারতে আমার অনেক আত্মীয়-স্বজনও আছেন।
“আমি ইচ্ছে করলে ভারতে পালিয়ে যেতে পারতাম। কিন্তু আদালতের প্রতি সম্মান জানিয়ে আমি তা করিনি। তাই ট্রাইব্যুনালে হাজির হয়েছি।”
তিনি আরো বলেন, তার সঙ্গে শত্রুতার জের ধরে আব্দুল হামিদ ও দারুল ইসলাম (প্রসিকিউশনের প্রথম সাক্ষী) এই মামলা করেছন। এসব অপরাধ সম্পর্কে তিনি জানেন না।
মোবারক বলেন, “আমি কোনো রাজনীতি করি না। রাজনীতি করলে আমার জন্য অনেকেই রাজপথে নামতেন। আমি আদালতের কাছে ন্যায়বিচার চাই।”
সাক্ষ্য দেয়া শেষ হলে মোবারক হোসেনকে জেরা করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। জেরা শেষে এ মামলার কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
আজহারের অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার শুনানি বাতিল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দেয়া ট্রাইব্যুনালের দেয়া আদেশ পুনর্বিবেচনার জন্য করা আবেদনের শুনানি বাতিল হয়েছে।
রোববার ট্রাইব্যুনালে আসামিপক্ষের কোনো সিনিয়র আইনজীবী না আসায় এ আবেদনের বিষয়ে আসামীপক্ষের শুনানি বাতিল ঘোষণা করে আদেশ দেয় ট্রাইব্যুনাল-১।
এদিন এটিএম আজহারের আইনজীবী রায়হান উদ্দিন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে শুনানির জন্য সময় প্রার্থনা করেন। কিন্তু আবেদন নাকচ করে দিয়ে শুনানি বাতিল করা হয়।
আদেশে বলা হয়, এর আগেও এটিএম আজহারের অভিযোগ গঠনের বিষয়ে এ শুনানির জন্য আসামিপক্ষকে চারবার সময় দেয়া হয়েছে। সর্বশেষ গত ১০ ডিসেম্বর তাদেরকে শেষ সুযোগের পরেও শেষ সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু আজও তারা আসতে পারেনি। সুতরাং অভিযোগ গঠনের রিভিউ আবেদনের পক্ষে আসামিপক্ষের শুনানির জন্য আর সময় দেয়া হবে না।
বাগেরহাটের আইনজীবীকে হাজিরের নির্দেশ
জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফের মামলায় বাগেরহাটের নোটারি পাবলিক আইনজীবী শামিমা আক্তারকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আগামী ১৯ ডিসেম্বর ট্রাইব্যুনালে তার হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করতে বাগেরহাটের পুলিশ সুপারকে (এসপি) রোববার নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৭ নভেম্বর একেএম ইউসুফের মামলায় প্রসিকিউশনের সপ্তম সাক্ষী আসিয়া খাতুনের নামে ২০১০ সালে করা একটি এফিডেবিট ট্রাইব্যুনালে দাখিল করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।
ওই এফিডেবিটটি আসিয়া নিজে করেননি বলে ট্রাইব্যুনালে দাবি করলে ওই দিনই এ বিষয়ে বাগেরহাটের দুই আইনজীবী শেখ আব্দুল ওয়াদুদ ও শামিমা আক্তারকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিল।
ওই এফিডেভিটে সাক্ষী আসিয়া বলেছেন, একাত্তরে একেএম ইউসুফ মানবতাবিরোধী কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল না।
কিন্তু প্রসিকিউশনের সাক্ষী আসিয়া আদালতে সাক্ষ্য দিতে এসে বলেন, আমি এ ধরনের কোনো এফিডেভিট করিনি।
অন্যদিকে আসামীপক্ষের আইনজীবীরা দাবি করেন যে, তাদের কাছে এ এফিডেভিটের কপি আছে এবং তারা তা ট্রাইব্যুনালকে অবহিত করেন।
এর পরিপ্রেক্ষিতে নোটারি পাবলিকের ওই দুই আইনজীবীকে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে সঠিক ব্যাখ্যা দিতে আদেশ দেয় ট্রাইব্যুনাল।
রোববার শেখ আব্দুল ওয়াদুদ ট্রাইব্যুনালে হাজির হওয়ায় তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়। তবে দুই শিশুসন্তান এবং দেশের বর্তমান সহিংস পরিস্থিতির কারণে শামিমা ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি বলে জানান তাদের আইনজীবী মসিহ উজ জামান।
