‘শান্তিপূর্ণ প্রতিবাদের’ আহ্বান রাজ্জাকের
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের পর সহিংসতায় নামা জামায়াতে ইসলামীর কর্মীদের শান্তি বজার রাখার আহ্বান জানিয়েছেন যুদ্ধারাপধ ট্রাইব্যুনালে দলটির নেতাদের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক।
সেইসঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো বাধা না দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।
গত বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর রোববার হরতাল ডেকে সহিংসতায় নামে দলটির কর্মীরা। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা হয়। অন্যদিকে ভাংচুর ঠেকাতে নামা পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন জামায়াত -শিবিরের কয়েকজন।
এর মধ্যে রোববার এক বিবৃতিতে রাজ্জাক বলেন, “আব্দুল কাদের মোল্লার সমর্থকদের অনুভূতির প্রতি আমরা সহানুভূতিশীল এবং শান্তিপূর্ণভাবে তাদেরকে শোক প্রকাশের অনুরোধ করছি।”
যে আইনে বিচারে কাদের মোল্লার সাজা হয়েছে, তা ‘ভুল’ দাবি করে তিনি বলেন, “একটি ভুল আরেকটি ভুলকে ন্যায্যতা দিতে পারে না।”
“আমরা সুস্পষ্ট বলছি যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের প্রদত্ত রায়গুলো ছিল ভুল।”
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি রাজ্জাকের আহ্বান, “মত প্রকাশের স্বাধীনতা জনগণের সাংবিধানিক অধিকার। জনগণকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা দিন।”
