সাতক্ষীরায় ‘হবি ডাকাতের‘ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সাতক্ষীরায় চিহ্নিত ডাকাত হবিবর রহমান হবির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তার ভাইকে হত্যার জন্য হবিকে দায়ী করা হচ্ছিল।
খুন, ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি হবি জামায়াতে ইসলামীর ছত্রছায়ায় থাকতেন বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।
হবি (৩৫) সদর উপজেলার কুচপুকুর গ্রামের জামায়াত সমর্থক আকবর আলীর ছেলে বলে জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, রোববার সকালে সদর উপজেলার কদমতলা বাজারের মাংস পট্টি এলাকার একটি গলিতে হবির লাশ পাওয়া যায়।
হবিকে কারা হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, “সুরতহাল রিপোর্টের পর জানা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। কারা এ হত্যার সাথে জড়িত তা এখনো জানা যায়নি।”
ওসি ইনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হবি একজন ভাড়াটে খুনি। স্থানীয় জামায়াতের ছত্রছায়ায় থেকে সে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল।
হবির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় হত্যার অভিযোগে চারটি, ডাকাতির অভিযোগে ছয়টিসহ ১২টি মামলা রয়েছে।
সম্প্রতি সদরের কুচপুকুর এলাকায় শিশু রিয়াদ অপহরণ ও হত্যার ঘটনায় হবি জড়িত ছিলেন বলেও জানান পুলিশ কর্মকর্তা ইনামুল।
সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য হবিবরকে ‘হবি ডাকাত’ নামে স্থানীয়রা চেনে।
