লালমনিরহাটে ট্রাকে আগুন, সড়ক অবরোধ
লালমনিরহাটের পাটগ্রামে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেছে দুর্বৃত্তরা।
এরপর প্রায় ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
শনিবার বেলা ২টার দিকে শিমুলতলা এলাকায় শিবিরকর্মীরা এ ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে।
পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন জানান, ট্রাক নিয়ে চালক সেলিম হোসেন বুড়িমারী স্থলবন্দরে যাচ্ছিলেন। পথে শিবিরকর্মীরা ট্রাকটির পথরোধ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী খালি ট্রাকটিতে আগুন দিয়ে অবরোধ করে রাখে জামায়াত শিবিরকর্মীরা। ফলে মহাসড়কের দুই দিকে আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসসহ অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব ও নাহিদ হোসেনসহ পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রাক চালক সেলিম হোসেন বলেন, হঠাৎ কয়েকজন মুখোশধারী যুবক পথ আটকে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দিলে তিনি প্রাণভয়ে পালান।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি সোহরাব।
