শাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর শিবিরের হামলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘চেতনা ৭১’ এর নামফলক ভেঙে দেয়ার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা করেছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা।
‘চেতনা ৭১’ এর পাদদেশে শুক্রবার সন্ধ্যায় এই হামলায় দুই শিক্ষার্থী আহত হওয়ার কথা জানালেও তাদের নাম জানাতে পারেনি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী জোটের আহবায়ক ইশতিয়াক হোসেন সিদ্দিকী জানান, বৃহস্পতিবার গভীর রাতে ‘চেতনা ৭১’ এর নামফলক ভেঙে দেয়ার প্রতিবাদে বিকেল ৫টায় সময় মানববন্ধন করে শিক্ষক শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে ভাস্কর্যের পাদশেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছিলেন শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় একাডেমিক ভবন সি এর দিক থেকে এক দল শিবির ক্যাডার ধর ধর বলে সমাবেশে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক শিক্ষার্থীরা এলোমেলো ছুটাছুটি শুরু করলে শিবির কর্মীরা হামবোমার বিস্ফোরণ ঘটাতে থাকে।
হামলার সময় নিরাপদ স্থানে সরতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী আহত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার।
তিনি বলেন, চেতনা ৭১ এর পাদদেশে থাকা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ফারুক উদ্দিনের মোটরসাইকেল ও দুই শিক্ষার্থীর বাইসাইকেলে আগুন দেয় শিবির কর্মীরা।
এ সময় ক্যাম্পাসে হাতবোমার পাশাপশি ফাঁকা গুলির শব্দও শোনা গেছে বলে শিক্ষক শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আধাঘন্টা তাণ্ডব চালিয়ে সাড়ে ৫টার দিকে শিবির ক্যাডাররা ক্যাম্পাস ছাড়লে ৫টা ৪০মিনিটের দিকে ৬ গাড়ি পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিক্ষক শিক্ষার্থীরা পুলিশের প্রতি দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বলেন, ক্যাম্পাসে শিবিরের আধা ঘন্টাব্যাপী তাণ্ডবের সময় পুলিশ প্রধান ফটকে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি।
তাণ্ডবের সময় প্রধান ফটকে দায়িত্বরত পুলিশের সাথে কথা বললে তারা ব্যবস্থা নিচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ফারুক উদ্দিন বলেন, জামায়াত-শিবির সব সময় অন্ধকারকে বেছে নিয়েছে। অন্ধকারে চেতনা ৭১ এর নামফলক ভেঙে দিয়েছে।
“আর এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তারা আমাদের উপর আকস্মিক হামলা করে।”
