২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার ধ্বংস স্তূপে মানুষের হাড়-খুলি

সাভারের বহুতল ভবন রানা প্লাজা এলাকায় একটি ধ্বংস স্তূপ থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোর উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 08:33 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

শুক্রবার সন্ধ্যায় একটি মাথার খুলি, শরীরের বিভিন্ন অংগের ১০/১২টি হাড়ের খণ্ড, একটি মোবাইল ফোন সেট, একটি পরিচয়পত্র ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানা প্লাজার পিছনে ধ্বংস স্তূপের মধ্যে টোকাই ছেলেরা লোহার টুকরা খোঁজার সময় মাথার খুলি দেখতে পায়।

তখন তারা পাশের দোকানিদের বিষয়টি বললে তারা পুলিশে খবর দেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, মাথার খুলির সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে নাম লেখা রয়েছে ওবায়দুল কাদের। নিউ ওয়েভ বাটমস লিমিটেড কারখানার সুইং অপারেটর লেখা রয়েছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনটির ভিতরের সিম কার্ড থেকে নম্বর বের করে সনাক্তের চেষ্টা করা হবে। 

এ বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। নয়তলার ওই ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩১ জন।

১ হাজার ১১৫ জনকে মৃত অবস্থায় উদ্ধারের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১২ জন।

জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।