পুলিশের ওপর হামলায় চট্টগ্রামে ৪ মামলা
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনায় জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।
নগরীর ডবলমুরিং, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় এসব মামলা করেছে পুলিশ।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) রেহেনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টহল পুলিশের একটি দলের ওপর শিবিরকর্মীদের গুলি ও বোমা হামলার ঘটনায় হালিশহর থানার এসআই হেলাল উদ্দিন একটি মামলাটি করেছেন।
মামলায় মো. কামরুজ্জামান (২৭) নামে ছাত্রশিবিরের এক কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।
ওই হামলার সময় ডবলমুরিং থানার এসআই সাইফুল ইসলাম মাথায় গুলিবিদ্ধ হয়।
এদিকে বাদুরতলা ও বহদ্দারহাট এলাকায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় পৃথক দুইটি মামলা হয়।
চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ জানান, সন্ধ্যায় বহদ্দারহাট এলাকায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় চান্দগাঁও থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া সকালে বাদুরতলা জঙ্গি শাহ মাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায়ও একটি মামলা করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) আজিজ আহমেদ জানান, মামলায় ঘটনাস্থল থেকে আহতাবস্থায় গ্রেপ্তার এনামুল ও অজ্ঞাত পলাতক এক যুবককে আসামি করা হয়েছে।
