২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ সমাবেশ থেকে সরে এলো হেফাজত

পুলিশের অনুরোধে নগরীতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেনি হেফাজতে ইসলাম। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 06:57 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের মাঠে ১২-১৩ ডিসেম্বর মহাসম্মেলনের অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল সংগঠনটি। মহাসম্মেলনের অনুমতি না দিলে চট্টগ্রামকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করারও হুমকি দিয়েছিল হেফাজত নেতারা।

শেষ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের মাঠটি ব্যবহারের অনুমতি না মেলায় শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছিল।

তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও পুলিশের অনুরোধে সমাবেশ স্থগিত করা হয় বলে শুক্রবার জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

হেফাজতের অর্থ বিষয়ক সম্পাদক ইলিয়াস ওসমানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও পুলিশ প্রশাসনের অনুরোধে আমরা আজকের বিক্ষোভ মিছিল ও সামবেশ স্থগিত করেছি।

তবে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হবে বলে জানান ইলিয়াস।

১৩ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মতিঝিলে ফের সমাবেশের ঘোষণা রয়েছে হেফাজতের।