নারায়ণগঞ্জে জামায়াতের হামলা, আগুন, ভাংচুর
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে গাড়িতে আগুন ও ভাংচুর চালানো হলে তাতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।
শুক্রবার বেলা ১১টার দিকে ওই মিছিল থেকে ১০/১২টি যানবাহনে ভাংচুর চালানোর পাশাপাশি পেট্রোল ঢেলে তিনটি ট্রাক ও একটি কর্ভাডভ্যানে আগুন দেয় তারা।
জেলা পুলিশের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, ফতুল্লার পঞ্চবটি এলাকায় ঝটিকা মিছিল থেকে ট্রাফিক পুলিশের হাবিলদার জাকির হোসেন ও কনস্টেবল রফিকের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় জামায়াত-শিবির।
হাবিলদার জাকিরের অবস্থা গুরুতর জানিয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। বাম হাতের কবজি ও আঙ্গুলের অংশ ভেঙ্গে গেছে। ডান হাত ও ডান হাঁটুতে আঘাত পেয়েছে।”
খানপুরের ২শ’ শয্যা হাসপাতালে জাকিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর কনস্টেবল রফিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুক্রবার লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝটিকা মিছিলটি বের করে জামায়াত-শিবিরকর্মীরা।
এক পর্যায়ে মিছিলকারীরা ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে এসে ভাংচুর করে ১০/১২টি যানবাহন। পুড়িয়ে দেয় চারটি গাড়ি। এ কারণে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় ওই সড়কে যানজট সৃষ্টি হলে ট্রাফিক পুলিশের হাবিলদার জাকির ও কনস্টেবল রফিক এগিয়ে গেলে তাদেরকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মিছিলকারীরা।
