২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগরিত শাহবাগে বাংলা বসন্ত

ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাখ্যান করে শাহবাগে তরুণদের একটি সমাবেশ থেকে দেশজুড়ে সৃষ্টি হয় গণজাগরণ।

সুলাইমান নিলয়

ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 02:28 AM

Updated : 13 Oct 2022, 03:07 PM

আরব বিশ্বের একনায়কদের বিরুদ্ধে সাম্প্রতিক গণআন্দোলন আরব বসন্তের সঙ্গে মিলিয়ে কেউ কেউ একে ডাকতে থাকেন বাংলা বসন্ত নামে।

৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অপরাধ প্রমানিত হওয়ার পরেও ‘কসাই কাদের’ নামে পরিচিত জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে ফেইসবুকে।

ব্লগার এন্ড অনলাইন এক্টিভিষ্ট নেটওয়ার্ক নামে একটি সংগঠনের ডাকে শাহবাগে জড়ো জড়ো হতে থাকে ছাত্র-জনতা।

বিকাল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরের সামনে যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে হয় একটি মানববন্ধন। মানববন্ধন শেষে সেখানে হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশ শেষ হওয়ার পরে তরুণরা সিদ্ধান্ত নেয় কাদের মোল্লার সর্বোচ্চ সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগেই অবস্থান করবে।

এ সময় তরুণরা শাহবাগের চৌরাস্তা বন্ধ করে দিয়ে সেখানেই বসে পড়েন। এ গণআন্দোলনের মুথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করা হয়। পরে ওই আইনে আপিল বিভাগে ফাঁসি হয় কাদের মোল্লার।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই প্রতিবাদে সামিল মানুষের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে আসে একটি মশাল মিছিল। বিভিন্ন দিক থেকে আসে আরো খণ্ড খণ্ড মিছিল। ক্ষুব্ধ মানুষের ক্রমবর্ধমান জমায়েত অবরোধ করে শাহবাগের রাস্তা।

‘বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা’ এই গানের পাশাপাশি স্লোগান-কবিতা-চলচ্চিত্র-বক্তৃতায় বিকালের কয়েকশ তরুণের প্রতিবাদী এই কর্মসূচি রাত গড়াতেই হাজার-হাজার মানুষের সমাবেশে পরিণত হয়।

Image
রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, শাহবাগে ৫ ফেব্রুয়ারি বিকালে জড়ো হচ্ছিলেন সবাই

রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, শাহবাগে ৫ ফেব্রুয়ারি বিকালে জড়ো হচ্ছিলেন সবাই

আন্দোলনের প্রাথমিক উদ্যোক্তারা রাত ১০টার দিকে ওই দিনের মতো কর্মসূচি শেষ করে দিতে চাইলেও তার বিরোধিতা করেন সমবেত সাধারণ ছাত্র-জনতা। তাৎক্ষণিক সিদ্ধান্তে রাতভর চলে টানা অবস্থান। পরদিন সকাল জমায়েত আরো বাড়ে।

তৃতীয় দিনের পর থেকে প্রতিদিন অন্তত কয়েক লক্ষ তরুণ-যুবা আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। শাহবাগের যে স্থানটিতে আন্দোলনের মঞ্চ তৈরি হয় তার নাম রাখা হয় প্রজন্ম চত্বর।

নানা ঘটনাপ্রবাহে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত টানা অবস্থান চালিয়ে এই আন্দোলন গড়ে এক নতুন ইতিহাস। ওইদিন সরকারের প্রতি ৬ দফা ঘোষণা করে সমাপ্তি টানা হয় অবস্থানের।

টানা অবস্থান চলাকালে আন্দোলনের মূল কেন্দ্র শাহবাগে থাকলেও দেশ-বিদেশে স্থানীয়ভাবে গড়ে উঠে মঞ্চ।

সারা দেশে বিপুর উৎসাহে পালিত হয় মোমবাতি প্রজ্জ্বলন, নিরবতা পালন, বেলুনে শহীদদের কাছে চিঠি, পতাকা উত্তোলন, হাতে হাত ধরে সম্প্রতির বন্ধনের মতো কর্মসূচি।

দেশের সীমানা ছাড়িয়ে কর্মসূচি পালিত হয় বিদেশের মাটিতেও।

২১ ফেব্রুয়ারির পর শাহবাগ থেকে আন্দোলনের কেন্দ্রকে ছড়িয়ে দেয়া হয় ঢাকা শহরের বিভিন্ন এলাকায়, পরে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন নিয়ে যাওয়া হয় তৃণমূলে।

যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সারাদেশ থেকে ‘এক কোটি ৭ হাজার ৭৬১টি স্বাক্ষর’ সংগহ করে দেয়া হয় সংসদকে। এছাড়া জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে অনশন করে শহীদ রুমী স্কোয়াড।

শাহবাগের আন্দোলন গড়ে উঠার দশম দিন হত্যা করা হয় আহমেদ রাজীব হায়দার নামে আন্দোলনের এক কর্মীকে। পরবর্তী বিভিন্ন সময়ে সারা দেশে নিহত হয় আরো কয়েকজন আন্দোলনকারী। আন্দোলনের মূলকেন্দ্র শাহবাগেই একাধিকবার বোমা হামলা হয়।

এছাড়া শাহবাগ গণজাগরণনের বিরোধিতাকারী হেফাজতে ইসলাম ৬ এপ্রিল এই আন্দোলনের কেন্দ্র দখলের চেষ্টা করলেও তা প্রতিহত করে দেয় ছাত্র জনতা।

Image
গণজাগরণের দশম দিনে শাহবাগে আলোর মিছিল, প্রথম দিনে কয়েকজনের অবস্থান রূপ নিয়েছিল লাখো মানুষের সমাবেশে।

গণজাগরণের দশম দিনে শাহবাগে আলোর মিছিল, প্রথম দিনে কয়েকজনের অবস্থান রূপ নিয়েছিল লাখো মানুষের সমাবেশে।

ফাঁসির দাবিতে এই বিপুল জাগরণের প্রতি সমর্থন জানিয়ে ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। ১৩ ফেব্রুয়ারি বিল তোলা হয় সংসদে। ১৭ ফেব্রুয়ারি সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। পরদিন রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে যা আইনে পরিণত হয়।

বদলে যাওয়া আইনে অনুসারে ন্যায়বিচার নিশ্চিত করতে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আপিলে সমসুযোগ দেয়া হয়। সংশোধিত আইনের ২১(৪) উপধারায় আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি বিধান রাখা হয়। অবশ্য পরে ‘নির্দেশনামূলক বিবেচনায়’ তা মানেনি আপিল বিভাগ।

এ আইনের ২১(১) ও ২১(২) উপধারা অনুযায়ী দণ্ডাদেশের বা খালাসের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে। এই সময়ের পর আপিলের সুযোগ থাকবে না।

১৯৭৩ সালে প্রণীত আইনে সরকারের আপিলের কোনো সুযোগ ছিল না। ২০০৯ সালে আইন সংশোধনের পর সরকার পক্ষের আপিলের সুযোগ রাখা হয়, তবে তা ছিল শুধু খালাসের রায়ের ক্ষেত্রে।

ট্রাইব্যুনাল আইনের এই সংশোধনীর পর আসামির পাশপাশি রাষ্ট্রপক্ষও আপিল করে। পরে গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ এ মামলার চূড়ান্ত রায়ে কাদের মোল্লাকে প্রাণদণ্ড দেয়।