চট্টগ্রামে শিবিরের গুলিতে এসআই আহত
চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরকর্মীদের গুলিতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ হওয়ার পর দেশজুড়ে দলটির কর্মীদের তাণ্ডবের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ডবলমুরিং থানাধীন বেপাড়িপাড়ায় এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য সাইফুল ইসলাম ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই)।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ছয়টার দিকে বেপাড়িপাড়া মোড়ে শিবিরকর্মীরা পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ এবং ও গুলি করে।
এসময় এসআই সাইফুলের মাথায় গুলি লাগে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটর সাইকেলে করে এসে শিবিরকর্মীরা পুলিশের ওপর এ হামলা চালায়।
আহত এসআই সাইফুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
